ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা ও এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের পাল্টা হামলায় বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ও আধা-সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইরান, ইসরায়েল, লেবানন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে বহু মানুষ হতাহত হয়েছেন।
ইরান
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ১৬৮ শিক্ষার্থী নিহত হয়। এছাড়া রাজধানী ও উত্তরাঞ্চলে পৃথক হামলায় আরও তিন শিক্ষার্থী নিহত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে এক চীনা নাগরিকও নিহত হয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল
ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন বেইত শেমেশ শহরের বাসিন্দা। সেখানে একটি বম্ব শেল্টারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইরাক
ইরাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানপন্থি আধাসামরিক বাহিনী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর চার সদস্য নিহত হয়েছেন। গোষ্ঠীটির মিডিয়া দপ্তর জানিয়েছে, তাদের একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাত জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রবেশ করা ইরানি ড্রোন হামলায় তারা প্রাণ হারান।
কুয়েত
কুয়েতে রোববার ভোরে সন্দেহভাজন ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এর আগে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছিল, ইরানি হামলায় একজন নিহত হয়েছেন।
বাহরাইন
বাহরাইনে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন। দেশটির সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি বিদেশি জাহাজে আগুন লাগে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
All rights reserved © 2026 News dailysongramykantho2018@gmail.com
সম্পাদক ও প্রকাশক : মোঃ আশরাফুল ইসলাম,
সহ-সম্পাদক : মোঃ জুয়েল রানা
Copyright © 2026 www.dailysongramykantho.com. All rights reserved.